নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন লস্কর চৌমুহনী এলাকায় দুঃসাহসিক
ছিনতাইয়ের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, একটি গাড়ি আটকে তিন যুবককে মারধর করে তাদের
কাছ থেকে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তিন
যুবককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ছিনতাইকারীরা। এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে
নেওয়া হয়। আক্রান্তরা হলেন ইসমাইল মিয়া, নাজমুল হোসেন এবং আরিফ হোসেন। এদিকে, খবর পেয়ে
বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল
থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ
খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
akb tv news
06.08.2026

