নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতিকালে আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা
ও ধরপাকড়ের প্রতিবাদে সোমবার সিআইটিইউ অনুমোদিত
অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি পরিবহন দপ্তরের
যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে।এদিন ডেপুটেশন শেষে সাংবাদিকদের
মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, সম্প্রতি আগরতলা শহরে অটো,
ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ এবং ধরপাকড়ের কারণে গরিব ও নিম্ন
আয়ের পরিবহন শ্রমিকদের জীবিকা সংকটের মুখে পড়েছে। পাশাপাশি যাত্রী সাধারণের যাতায়াতের
ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে।তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা সচল রাখার বিষয়ে সংগঠনও আগ্রহী।
তবে ফুটপাত দখল মুক্ত না করে এবং রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার না করে শুধুমাত্র কিছু
অটো শ্রমিকের উপর এর দায় চাপানো অনুচিত বলে সংগঠন মনে করে। তাই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট
ওয়ার্কার্স ফেডারেশনের দাবি, অবিলম্বে যাত্রী সাধারণের যাতায়াতের মাধ্যম এই ছোট যানগুলির
চলাচলের ক্ষেত্রে যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
akb tv news
24.08.2026.

