নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই বৈঠকে 'তিপ্রা মথা' পার্টির প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা- এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় কো-অর্ডিনেটর ড. সম্বিত পাত্র-ও উপস্থিত ছিলেন। সুত্রে খবর রাজ্যের জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির অধিকার সংক্রান্ত বিষয়টি চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে প্রায় ৯০ মিনিট ধরে এই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা, তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে মূলত ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন, ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর পরিচয় ও স্বার্থের সুরক্ষা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় জমির অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আশ্বাস দেন, ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া দুইটি পর্যায়ে সম্পন্ন করা হবে। এর পাশাপাশি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রয়োজনীয় জমির অধিকার সংক্রান্ত নথি বা ‘ল্যান্ড রিট’ প্রদানের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। চলতি মাসেই এই প্রক্রিয়ায় অগ্রগতি হতে পারে বলে জানা গেছে। ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা ও দাবি রয়েছে। ফলে শুক্রবারের এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়েও জল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে চুক্তি বাস্তবায়নের সময়সীমা ও জমির অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আগামী দিন সরকারের পক্ষ থেকে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে। এদিনের এই আলোচনা আসন্ন অনুষ্ঠিত হতে যাওয়া ভিলেজ ভোটে কি কোন প্রভাব ফেলবে ? এ দিকেই তাকিয়ে বিভিন্ন মহল।
akb tv news
04.09.2026

