নিজস্ব প্রতিনিধিঃ
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে শুক্রবার সারা দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করা হয়। ধর্মঘটের সমর্থনে ত্রিপুরার বিভিন্ন ব্যাংকের সামনে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং একাধিক দাবি নিয়ে সরব হন।ব্যাংক কর্মী সংগঠন গুলির অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা। অর্থাৎ শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি রেখে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাংক খোলা রাখার দাবি জানিয়েছেন তাঁরা। কর্মী সংগঠনগুলির অভিযোগ, ২০২৪ সালের চুক্তিতে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।এছাড়াও পিএলআই-এর নতুন ব্যবস্থা নিয়েও আপত্তি জানিয়েছে কর্মী সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, নতুন পিএলআই ব্যবস্থায় বৈষম্য ও অস্পষ্টতা রয়েছে। তাই এই ব্যবস্থা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে।ব্যাংক কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, তাঁদের দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিন দিনের দেশব্যাপী ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
akb tv news
11.09.2026.

