নিজস্ব প্রতিনিধিঃ
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিতর্কের আঁচ পড়ল সুপ্রিম কোর্টে। এসআইআর ইস্যুতে বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আর এই ধরনের সিদ্ধান্ত খারিজ চেয়েই সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। উল্লেখ্য, বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক রয়েছে। বাংলা থেকে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থাকছেন। তবে বৈঠকে ডিএমকে, আপ থাকছে না। নিজে না আসলেও প্রতিনিধি পাঠাচ্ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সূত্রের খবর, এই দিনের বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জ্ঞানেশের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে জনসভা হতে পারে। কলকাতা, মুম্বই-সহ একাধিক বড় বড় শহরে র্যা লি হতে পারে। এই আবহের মধ্যেই জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে নিতান্তই তাৎপর্যপূর্ণ।প্রসঙ্গত উল্লেখ্য, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি উঠেছিল। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এসআইআরের পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে সূত্রের খবর।এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একই দিনে নাকি চার বার প্রশ্ন তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার। আর এরপরই গোটা দেশ তোলপাড় হয়ে যায়। আসরে নামে বিরোধীরা।
Akb tv news
30.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

