নিজস্ব প্রতিনিধিঃ
মানবিকতার সবচেয়ে বড় পরিচয় হল বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। সড়ক দুর্ঘটনায়
আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে তাঁর জীবন রক্ষায় সহায়তা করা শুধু দায়িত্ববোধ
নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে বুধবার সচিবালয়ের
১নং কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে
জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ‘রাহবীর’ বা ‘গুড সামারিটান’পুরস্কারপ্রাপকদের
হাতে তাঁদের মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ ২৫
হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। গোমতী জেলার কাজল দেবনাথ ও প্রসেনজিৎ
ভৌমিক (যুগ্মভাবে), অশেষ দাস, খুরশিদ মিয়া ও অজিত দাস; ধলাই জেলার সত্যজিৎ কুমার শীল
ও সত্যরঞ্জন দেবনাথ এবং ঊনকোটি জেলার লতিকা সিনহা তারা প্রত্যেকেই দুর্ঘটনার পর বিপন্ন
মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ‘রাহবীর’উদ্যোগের মূল বার্তা
অত্যন্ত স্পষ্ট—দুর্ঘটনার পর আহত
মানুষকে সাহায্য করতে এগিয়ে আসুন, দ্রুত হাসপাতালে
পৌঁছে দিন, একটি মূল্যবান জীবন বাঁচাতে সহায়তা করুন।মানুষের জীবন রক্ষায় যাঁরা ভয়-দ্বিধা
দূরে সরিয়ে এগিয়ে আসেন, তাঁদের এই মানবিক সাহস ও দায়িত্ববোধ সমাজের জন্য অনুপ্রেরণা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রশাসনিক আধিকারিক
কিরণ গিত্তে সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী ‘রাহবীর’ বা ‘গুড
সামারিটান’পুরস্কারপ্রাপকদের
হাতে ২৫ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র তুলে দেন।
Akb tv news
30.09.2026.

