নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা
ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোট
গ্রহণকে কেন্দ্র করে হিংসা ও সংঘর্ষের ঘটনায় বিজেপি ও তিপ্রা মথাকে নিশানা করলেন বিরোধী
দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার ভোটের দিন গুলি কান্ডে আহতদের
খোঁজ খবর নেবার জন্য গোমতী জেলা হাসপাতালে ছুটে যান তিনি। এদিন তিনি গোমতী জেলার বিভিন্ন
ঘটনার প্রসঙ্গে অভিযোগ করেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলা
পরিস্থিতির অবনতি হয়েছে। তবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে
কাজ করার চেষ্টা করছে বলেও তিনি স্বীকার করেন। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায়
বাধা সৃষ্টি বা সরকারি আধিকারিকদের উপর হামলার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়
এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওয়ারেংবাড়িতে মথার এক প্রার্থী
গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। ওই ঘটনায় এক প্রার্থী গুলিবিদ্ধ হন এবং
আরও দু’জন আহত হন। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বাইরে থেকে কয়েকটি গাড়িতে করে লোকজন
এসে ভোটকেন্দ্রে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। গাড়িগুলির নম্বর নথিভুক্ত করা হয়েছে
বলেও দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, ঘটনায় জড়িতদের মধ্যে বিজেপির সমর্থকরাও ছিলেন।
গোমতী জেলার গামারিয়া স্কুলের স্ট্রংরুমের কাছে পৃথক সংঘর্ষের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ
করেন তিনি। তিপ্রা মথা ও বিজেপির মধ্যে রাজনৈতিক সমীকরণ নিয়েও প্রশ্ন তোলেন সিপিআই(এম)
রাজ্য সম্পাদক। তবে নির্বাচনে হিংসার বিচ্ছিন্ন ঘটনা সত্ত্বেও ভোটারদের উল্লেখযোগ্য
উপস্থিতিকে ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেন তিনি।
Akb tv news
29.09.2026.

