নিজস্ব প্রতিনিধিঃ
জটিল রোগ ক্যানসারের চিকিৎসার খরচ কমাতে বড় পদক্ষেপ কেন্দ্র
সরকারের। এবার থেকে তালিকাভুক্ত নয়, এমন ক্যানসারের ওষুধের ক্ষেত্রেও লাভের অঙ্ক
বেঁধে দেওয়া হল। এই ওষুধগুলির সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য (MRP)-র ৩০ শতাংশের বেশি
ট্রেড মার্জিন রাখা যাবে না। সরকারের এই সিদ্ধান্তের ফলে কিছু ওষুধের দাম ৭০ শতাংশ
পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা
সাশ্রয় হতে পারে ক্যানসার রোগীদের। ক্যানসারের কিছু অত্যাবশ্যকীয় ওষুধের দাম
ইতিমধ্যেই সরকারের নির্ধারিত সর্বোচ্চ দামের আওতায় আনা হয়েছে। কিন্তু তালিকার
বাইরে থাকা ক্যানসারের ওষুধের ক্ষেত্রে এত দিন দামে নিয়ন্ত্রণ ছিল না। এবার সেই
ওষুধগুলির দাম নির্ধারণের ক্ষেত্রেও হস্তক্ষেপ করতে চলেছে সরকার। নতুন নিয়ম
অনুযায়ী, তালিকাভুক্ত নয় এমন ক্যানসারের ওষুধের সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে ট্রেড
মার্জিন বা ব্যবসায়িক লাভের সীমা বেঁধে দেওয়া হবে। অর্থাৎ ওষুধ প্রস্তুতকারী
সংস্থা থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে দাম বাড়ানোর সুযোগ সীমিত
হবে। কোন কোন ওষুধকে এই নিয়মের আওতায় আনা হবে, তা চূড়ান্ত করবে স্বাস্থ্য পরিষেবা
বিভাগের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS)-এর অধীনে থাকা একটি বিশেষজ্ঞ
কমিটি। এরপর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) প্রয়োজনীয়
সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।
Akb tv news
09.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

