নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে গত ২১শে সেপ্টেম্বর সমস্ত ক্লাব ও পুজো উদ্যোক্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের সিদ্ধান্তক্রমে শুক্রবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের যৌথ ব্যবস্থাপনায় এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে। এই বৈঠকের পৌরহিত্য করেন আগরতলা পূর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র , পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পুর কমিশনার সহ বিভিন্ন জোনের চেয়ারম্যান এবং কর্পোরেটররা। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের এস পি নমিত পাঠক , ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর সহ সদর মহকুমা শাসক , প্রশাসনের এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠক সম্পর্কে এদিন মেয়র বলেন মূলত মায়ের গমন এবং শারদ সম্মান এই দুটো বিষয় নিয়েই আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেকই বিভিন্ন দপ্তর কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করে বলেন যেহেতু পুজোর আরো কয়েকটা দিন বাকি আছে সেদিকে লক্ষ্য রেখে বাকি কাজগুলো ইতিমধ্যেই সম্পূর্ণ করা যাবে । তিনি বলেন মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 23 অক্টোবর। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মূল জায়গা হবে গতবারের মতো আগরতলার মহারানীর তুলসীবতী বালিকা বিদ্যালয় এর সামনে। এদিন তিনি ফের প্রত্যেক ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন করেন। এদিন মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য কিছু নিয়ম এবং ব্যবস্থার কথাও জানান তিনি। এই বৈঠকে ট্রাফিক দপ্তর এবং ত্রিপুরা পুলিশের পক্ষ থেকেও যাবতীয় ব্যবস্থাপনার ব্যাপারে আলোচনা করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। মেয়র এদিন প্রত্যেক ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের কাছে প্রশাসনকে সর্বতোভাবে সাহায্য করার জন্য যেমন আবেদন করেন তেমনি নিগমের এবং তথ্য সংস্কৃতি দপ্তরের নিয়মাবলী মেনে সুন্দর করে পুজো আয়োজন করার জন্য ও আহবান করেন।
Akb tv news
09.10.2026.

