নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পুজো মরসুম। আর এই মরসুমে চিনি সঙ্কট
দেখা দিতে পারে।তাই চিনির সরবরাহ ঠিক রাখতে চিনি ব্যবসায়ীদের জন্য মজুত সংক্রান্ত নিয়ম
আরও কঠোর করল কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় কোনও ডিলার সর্বোচ্চ
১,০০০ কুইন্টাল চিনি মজুত রাখতে পারবেন। পাশাপাশি, চিনি হাতে পাওয়ার তারিখ থেকে ১৫
দিনের বেশি তা মজুত করে রাখা যাবে না। নতুন বিধি আগামী ১৫ই অক্টোবর থেকে ৩০ নভেম্বর
পর্যন্ত কার্যকর থাকবে। তবে দেশের সর্বত্র একই সীমা প্রযোজ্য হবে না। কলকাতা ও তার
বর্ধিত মহানগর এলাকা এবং অসমে সর্বোচ্চ ২,০০০ কুইন্টাল পর্যন্ত চিনি মজুত রাখার অনুমতি
থাকবে। এর আগে ১লা আগস্ট থেকে চিনির ডিলারদের
জন্য মজুতের সীমা ৪,০০০ কুইন্টাল করা হয়েছিল। পরে ১৫ই সেপ্টেম্বর থেকে সেই সীমা কমিয়ে ২,০০০ কুইন্টাল করা হয়। এবার তা আরও
কমিয়ে সাধারণভাবে ১,০০০ কুইন্টাল করা হচ্ছে।কেন্দ্রের বক্তব্য, চিনির সরবরাহ ব্যবস্থায়
অপ্রয়োজনীয় মজুত তৈরি হলে বাজারে সরবরাহের গতি ব্যাহত হতে পারে এবং মজুতদারি বা জল্পনামূলক
বাণিজ্যের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে উৎসবের সময় চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায়
সরকার সরবরাহ-শৃঙ্খল সচল রাখতে চাইছে। নতুন ব্যবস্থায় শুধু মজুতের পরিমাণ নয়, কতদিন
সেই মজুত রাখা যাবে, তারও সীমা নির্ধারণ করা হয়েছে। এরফলে চিনি মিল থেকে ডিলার, পাইকারি
বিক্রেতা এবং শেষ পর্যন্ত ভোক্তার কাছে দ্রুত পৌঁছবে বলে সরকারের আশা।\
Akb tv news
03.10.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

