নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রাষ্ট্রীয় পদাধিকারীকদের বৈঠকে অংশগ্রহণ করেন ত্রিপুরার লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকের বিভিন্ন বিষয় সামাজিক মাধ্যমে তুলে ধরে বিপ্লব কুমার দেব জানান, সাংগঠনিক ও রাজনৈতিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত ও অর্থবহ আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল ‘সেবা সংকল্প অভিযান’, বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি এবং দেশজুড়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা। তিনি জানান, দলের সাংগঠনিক কর্মসূচিগুলির পর্যালোচনা এবং তৃণমূল স্তরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও যোগাযোগ আরও নিবিড় করার কৌশল নির্ধারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, আসন্ন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী কয়েক মাসে সাংগঠনিক অভিযানগুলিকে কার্যকরভাবে বাস্তবায়নের রূপরেখা নিয়েও আলোচনা হয়।আসন্ন নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচির পরিধি বৃদ্ধি এবং দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার লক্ষ্যে বিজেপির এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ নেতারা বৈঠকে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিভিন্ন রাজ্যে দলের উপস্থিতি আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।বিপ্লব কুমার দেব বৈঠকের আলোচনাকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
Akb tv news
29.10.2026.

