নিজস্ব প্রতিনিধিঃ
কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে লক্ষ্মী
প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। বটতলা, মহারাজগঞ্জ বাজার, দুর্গা চৌমুহনী-সহ
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে দেখা যাচ্ছে সারি সারি লক্ষ্মী মূর্তি। তবে
বাজারে প্রতিমার পর্যাপ্ত জোগান থাকলেও সেই অনুপাতে ক্রেতাদের সাড়া মিলছে না বলে জানিয়েছেন
দোকানীরা। ফলে বিক্রি কম হওয়ায় কিছুটা হতাশ
তাঁরা।তাদের বক্তব্য, অন্যান্য বছরের তুলনায় এবছর লক্ষ্মী প্রতিমার চাহিদা কিছুটা
কম। পুজোকে সামনে রেখে তাঁরা নানা আকার ও নকশার প্রতিমা তৈরি করে বাজারে এনেছেন। কিন্তু
ক্রেতার অভাবে প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। প্রতিমা বিক্রি করে উৎপাদন খরচ ও পরিশ্রমের
উপযুক্ত মূল্য পাওয়া নিয়েও তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে।অন্যদিকে, বাজারে নিত্য প্রয়োজনীয়
ও পুজোর অন্যান্য সামগ্রীর দাম তুলনামূলক ভাবে বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে অন্যান্য
সামগ্রীর মূল্যবৃদ্ধির মধ্যেও লক্ষ্মী প্রতিমার দাম কিছুটা কম থাকায় স্বস্তি মিলছে
বলে তাঁদের অভিমত।লক্ষ্মীপুজোকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে বাজির দোকানও বসেছে। বাজি
কেনার জন্য ক্রেতাদের আগ্রহ চোখে পড়ছে। তবে রাজ্য সরকারের নজরদারি ও বিধি নিষেধের
প্রভাবে বাজারে শব্দবাজির উপস্থিতি আগের তুলনায় অনেকটাই কম বলে লক্ষ্য করা যাচ্ছে।সব
মিলিয়ে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে রাজধানীর বাজারে উৎসবের আমেজ থাকলেও লক্ষ্মী প্রতিমার
বিক্রি নিয়ে চিন্তায় রয়েছেন দোকানীরা। এখন পুজোর আগে শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড়
বাড়ে কি না, সেদিকেই তাকিয়ে তাঁরা।
Akb tv news
24.10.2026.

