নিজস্ব প্রতিনিধিঃ
পরিবেশ বান্ধব উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হাসপাতালের
পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে
শনিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালে ‘গো গ্রিন প্লাস’ সফটওয়্যারের
আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা,
বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির
ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের
মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান
রত্না দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে
বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি
রোগী ও তাঁদের পরিজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, হাসপাতাল শুধু চিকিৎসা পরিষেবা প্রদানের জায়গা নয়, রোগীদের সুস্থ হয়ে
ওঠার জন্য পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখাও অত্যন্ত জরুরি। তাই হাসপাতালের
প্রতিটি বিভাগ, ওয়ার্ড, করিডর এবং শৌচাগার নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি চিকিৎসা
বর্জ্য যথাযথ নিয়ম মেনে সংগ্রহ ও নিষ্পত্তি করা প্রয়োজন।মেয়র আরও বলেন, পরিচ্ছন্নতা
বজায় রাখার দায়িত্ব শুধু হাসপাতাল কর্তৃপক্ষ বা সাফাইকর্মীদের নয়, এর সঙ্গে যুক্ত
প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগীর পরিজন এবং সাধারণ মানুষকে
এ বিষয়ে সচেতন হতে হবে।
Akb tv news
10.10.2026.

