নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি l প্রধানমন্ত্রী লেখেন, ঝাড়খণ্ডের খুঁটিতে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও তাঁর এই বার্তা প্রকাশ করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ কাররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে একটি স্কুটার দুর্ঘটনার কবলে পড়ে। স্কুটার চালককে সাহায্য করতে স্থানীয় কয়েকজন বাসিন্দা রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। সেই সময় তোরপার দিক থেকে দ্রুতগতিতে আসা ১৮ চাকার একটি ট্রেলার ট্রাক জড়ো হওয়া লোকজনের ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ।ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত ১২ বছর বয়সি এক কিশোরকে খুঁটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় এক তরুণী আহত হন।
akb tv news
06.11.2026.

