নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলি মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং , স্বাস্থ্যমন্ত্রী যে পি নাড্ডা ও বিজেপি দলের সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন সহ আরও অনেকে । অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় সংবাদ মাধ্যমে ক্যামেরার সংখ্যা কম থাকলেও পারস্পরিক সম্পর্ক ছিল অনেক বেশি মজবুত। ২০০১ সালে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে বহু সাংবাদিক নিজেদের খরচে উপস্থিত হয়েছিলেন বলেও স্মরণ করেন তিনি। দীপাবলি এবং আসন্ন ছটপুজো উপলক্ষে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। নরেন্দ্র মোদি বলেন, দীপাবলি সদ্য শেষ হয়েছে এবং ছটপুজোর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এই উৎসবগুলিতে তিনি সকল সাংবাদিক ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চান। উৎসবের সময় সাধারণত মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু সাংবাদিকরা পেশাগত দায়িত্ব এবং ব্রেকিং নিউজের পিছনে ছুটতে গিয়ে সেই সুযোগ অনেক সময় পান না। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি সময়ে তাঁরা এসেছেন, যখন বিশেষ কোনও খবর তৈরি হচ্ছে না। এজন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞ। সাংবাদিক মহলের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে নতুন প্রজন্মের অনেক সাংবাদিক উপস্থিত থাকলেও পুরনো প্রজন্ম তাঁর সঙ্গে সংবাদ মাধ্যমের সম্পর্কের দীর্ঘ ইতিহাস জানেন। তিনি বলেন, প্রেস রিলিজের সময় থেকে শুরু করে ইনস্টাগ্রাম রিলস পর্যন্ত সংবাদ মাধ্যমের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘ পরিবর্তনের সাক্ষী তিনি। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে তাঁকে সারা দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় প্রেস রিলিজ পাঠানোর জন্য ফ্যাক্স মেশিন খুঁজে বের করাও ছিল বড় চ্যালেঞ্জ। দিল্লিতে ফিরে আসার পর অশোক রোডে তাঁদের কার্যালয় ছিল বলে স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেই সময়েও দীপাবলি মিলন অনুষ্ঠানের আয়োজন করা হত। তাঁর কথায়, তখন ক্যামেরার সংখ্যা ছিল অনেক কম, কিন্তু মানুষের মধ্যে সম্পর্ক ছিল অনেক বেশি গভীর ও মজবুত। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পরিবর্তনের সঙ্গে নিজের রাজনৈতিক জীবনের তুলনা করে নরেন্দ্র মোদি বলেন, একজন সাংবাদিক যখন রিপোর্টার থেকে সম্পাদক হন, তখন স্বাভাবিকভাবেই তাঁর ভূমিকা বদলে যায়। একইভাবে ক্ষমতায় আসার পর তাঁর নিজের দায়িত্বও পরিবর্তিত হয়েছে। সরকারের প্রধান হিসেবে তিনি ২৫ বছর পূর্ণ করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের কর্মীদের দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, সংবাদ মাধ্যমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সেখানে কোনও কাজকেই অসম্ভব বলে মনে করা হয় না। দুর্ঘটনা, ভূমিকম্প কিংবা ভয়াবহ বন্যার মত পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ বিপর্যস্ত এলাকা থেকে সরে যান, তখন সাংবাদিকরা অনেক সময় উল্টো দিকে এগিয়ে যান খবর সংগ্রহের জন্য। সংবাদ মাধ্যমের কাজের ক্ষেত্রে সময়সীমা বা ডেডলাইনের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংবাদপত্র ছাপানো হোক কিংবা কোনও খবর সম্প্রচার, সব ক্ষেত্রেই নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ করতে হয়। ডেডলাইন না থাকলে সংবাদ মাধ্যমের ডেস্ক থেকে মাঠ পর্যায়ের কর্মী—সকলের মধ্যেই কাজ পরে করার প্রবণতা তৈরি হত। তখন সবাই ভাবতেন, হাতে এখনও সময় রয়েছে, পরে কোনওভাবে কাজ সামলে নেওয়া যাবে।
Akb tv news
12.11.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

