নিজস্ব প্রতিনিধিঃ
এবার গোষ্ঠী সংঘর্ষ। যার দরুন আবারো উত্তপ্ত
অসম রাজ্যের পশ্চিম কার্বি আংলং জেলা। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হিংসার ঘটনায় সেখানে
এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হন ৩৮ জন পুলিশ অফিসার ও কর্মী। পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে
গ্যাসের শেল নিক্ষেপ করে। তাতে ৮ জন বিক্ষোভকারীও আহত হন। এই পরিস্থিতিতে ওই জেলায়
কার্ফু জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। অসমের মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্বশর্মা হিংসায় দু’জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। অতিরিক্ত বাহিনী মোতায়েনের
করার কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জমির অধিকার নিয়ে লড়ছে
কার্বি জনগোষ্ঠী। বহিরাগতরা তাদের জমি দখল নিয়ে নিচ্ছে বলে অভিযোগ তুলে গত ১৬ দিন ধরে
অনশন আন্দোলনও চালাচ্ছিল তারা। মঙ্গলবার অনশনরত এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করানো
হয়। তারপরই নতুন করে উত্তেজনা ছড়ায় জেলায়।
akb tv news
24.12.2025

