নিজস্ব প্রতিনিধি,
অসমের ডিব্রুগড়ে ১,৭১৫ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিধানসভা ভবন কমপ্লেক্স নির্মাণের শিলান্যাস। ডিব্রুগড়ে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, ভারত–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি অসমের চা ইউরোপের বাজারে রফতানিতে বড় সহায়তা করবে। তিনি দাবি করেন, অসমকে বন্যামুক্ত করতে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে উন্নয়ন, শান্তি, নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও বন্যামুক্ত অসম গঠনের লক্ষ্যে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান তিনি। প্রাক্তন কংগ্রেস সরকারগুলির বিরুদ্ধে অভিযোগ তুলে শাহ বলেন, কংগ্রেস দীর্ঘদিন অসমকে অবহেলা করেছে এবং অনুপ্রবেশকে ভোটব্যাঙ্ক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র অসমের উন্নয়নের জন্য বড় বড় পরিকাঠামো প্রকল্প এনেছে বলেও তিনি উল্লেখ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি। ডিব্রুগড় সফরের পর শাহ প্রতিবেশী ধেমাজি জেলায় গিয়ে মিসিং সম্প্রদায়ের বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘তাকাম মিসিং পরিন কেবাং’ যুব উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। জানা যায় অসম সফর শেষে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি।
akb tv news
30.01.2026

