নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার বিজেপি’র সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হিসেবে শপথ নিলেন নিতিন নবীন। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকে। আর সেখানেই নরেন্দ্র মোদী থেকে নবীন, প্রত্যেকের মুখেই শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন দায়িত্ব পেয়েছেন নিতিন নবীন। আর সেই ভোট যে বিজেপির অন্যতম পাখির চোখ, সে কথা এদিন স্পষ্ট হলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেই। এদিন প্রধানমন্ত্রী বলেন, “অনেকদিন ক্ষমতায় থাকলে মানুষের আস্থা কমে যায়। সেই ট্রেন্ডও ভেঙে দিয়েছে বিজেপি। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারে আগের থেকে বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ ও তেলঙ্গনায় বিজেপি মানুষের কন্ঠস্বর হিসেবে উঠে এসেছে।” তাঁর কথাতেই স্পষ্ট হয়ে যায়, পশ্চিমবঙ্গই এখন বিজেপির লক্ষ্য।
akb tv news
20.01.2026

