৪৪তম আগরতলা বইমেলার মুক্তমঞ্চে শনিবার এক বর্ণাঢ্য গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলার স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘ঘরানা পাবলিকেশন’-এর উদ্যোগে একযোগে প্রকাশিত হয় মোট চৌদ্দটি নতুন গ্রন্থ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক পান্নালাল রায়, ড. বিথিকা চৌধুরী, শিক্ষাবিদ ড. দেবীদাস সিংহ-সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাশিল্পী নন্দিতা ভট্টাচার্য্য।
প্রধান অতিথির ভাষণে শুভাশিস তলাপাত্র ঘরানা পাবলিকেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নবপ্রজন্মকে সাহিত্যচর্চায় আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন কিশোরী লেখিকা তিজল দেব-এর লেখা গ্রন্থ “Sunita Williams: Born of Two Worlds”, যা ইতিমধ্যেই পাঠকমহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি সমাজে নারীর ভূমিকা ও সাহিত্যে নারীদের অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এদিন প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে পান্নালাল রায়ের ‘না বলা অনেক কথা’, ড. আশিস কুমার বৈদ্যের ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’, কামনা দেবের কল্পকাহিনী নির্ভর উপন্যাস "অঘোর অগ্নিশিখা" ও চারটি বাস্তবিক জীবনের ছোট গল্প নিয়ে গল্পগ্রন্থ ‘নারীই নারীর শত্রু’, জবা পাল দত্ত-র খেলাধুলায় আমাদের ত্রিপুরা- প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড দুটি বই, কল্পনা দাস পাল-র ‘জীবনের কোলাহলে’, সঞ্জয় দে-র ‘জীবনের কিছু কবিতা গুচ্ছ’ সহ আরও একাধিক গ্রন্থ।



.jpeg)



