নিজস্ব প্রতিনিধিঃ
আবারো একবার প্রশ্ন চিহ্নের মুখে মিড ডে মিল পরিষেবা। এবার মিড ডে
মিল খাবার খেয়ে অসুস্থ বিহারের একটি স্কুলের ৭০-এর বেশি পড়ুয়া।এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের
মধ্যে। ঘটনায় একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে কাউকে
ছাড়া হবে না, বলে জানিয়েছেন জেলাস্তরের শিক্ষা আধিকারিক। শনিবার ঘটনাটি ঘটেছে
বিহারের মেধাপুরা জেলার একটি স্কুলে। প্রতিদিনের মত শনিবারও পড়ুয়াদের মিড-ডে মিলের
খাবার দেওয়া হয়। সেই খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে কয়েকজন। পেটে ব্যাথা, বমি, বমিবমি
ভাব-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। এরপরই গোটা স্কুলের প্রায় ৭০ জনের বেশি পড়ুয়া অসুস্থ
হয়ে পড়ে। খবর যায়, অভিভাবকদের কাছে। খবর পেয়ে তাড়াতাড়ি ছুটে আসেন তাঁরা।
স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্স ডাকে। অনেক পড়ুয়াকে ব্যক্তিগত গাড়িতেও মেধাপুরা
সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ুয়ারা সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,
চিকিৎসার পর বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছে। তবে এক ছাত্রীর অবস্থা সংকটজনক। তাকে হাসপাতালে
পর্যবেক্ষণে রাখা হয়েছে।
akb tv news
08.02.2026

