নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩১তম পর্বে দেশবাসীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি নয়াদিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত গ্লোবাল এআই ইমপ্যাক্ট সামিটে ভারতের প্রযুক্তিগত শক্তি বিশ্বদরবারে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। বহু রাষ্ট্রনেতা, শিল্পপতি, উদ্ভাবক এবং স্টার্ট-আপ জগতের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রদর্শনীতে দুটি বিশেষ উদ্যোগ বিশ্বনেতৃত্বকে প্রভাবিত করেছে বলে জানান তিনি। প্রথমটি ছিল আমূল-এর স্টল, যেখানে দেখানো হয় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা পশুরোগ নির্ণয় ও ২৪ ঘণ্টা ডেয়ারি ব্যবস্থাপনায় কৃষকদের সহায়তা করছে। দ্বিতীয় উদ্যোগটি ছিল ভারতের প্রাচীন জ্ঞানভান্ডার সংরক্ষণে এআই-এর প্রয়োগ। বিশেষভাবে সুশ্রুত সংহিতার পাণ্ডুলিপি প্রযুক্তির মাধ্যমে পাঠযোগ্য করা, মেশিন রিডেবল ফরম্যাটে রূপান্তর এবং বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় অনুবাদের প্রক্রিয়া প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী জানান, ‘মেড ইন ইন্ডিয়া’ তিনটি এআই মডেলও এই সম্মেলনে উপস্থাপিত হয়েছে। টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের জার্সি গায়ে খেললেও বহু ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করছেন এবং এতে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি ভারতের গর্ব বৃদ্ধি করছে বলে মন্তব্য করেন তিনি। কেরলের ১০ মাসের শিশু আলিন শেরিন আব্রাহামের অঙ্গদানের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, সন্তানের মৃত্যুশোকের মধ্যেও বাবা-মায়ের এই সিদ্ধান্ত অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। দেশে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ছে এবং তা চিকিৎসা গবেষণাকেও শক্তিশালী করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব পালিত হবে এবং সি রাজাগোপালচারি-এর মূর্তি উন্মোচন করা হবে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। রাষ্ট্রপতি ভবনে ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স-এর মূর্তির পরিবর্তে রাজাজির মূর্তি স্থাপনকে তিনি দাসত্বের মানসিকতা থেকে মুক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। ডিজিটাল অ্যারেস্ট ও আর্থিক জালিয়াতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। ওটিপি, আধার বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কারও সঙ্গে ভাগ না করার পরামর্শ দেন তিনি।
akb tv news
22.02.2026

.jpg)