ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির চেতনা প্রসারী সাহিত্য পত্র ‘ভারতীয়ম্’ এবং ভারতীয়ম্ - সামাজিক সাংস্কৃতিক ও গবেষণামূলক সংস্থার উদ্যোগে 'ভারতীয়ম্ সাহিত্য উৎসব ' অনুষ্ঠিত হল আজ ২২ ফেব্রুয়ারি নজরুল কলাক্ষেত্রের সাহিত্য একাদেমির সভাগৃহে ( NECOL )।
এই উপলক্ষে আয়োজিত হয় আলোচনাচক্র,তরুণ লেখকদের নিয়ে ভাষা বিষয়ক কর্মশালা, বহুভাষিক কবি সম্মেলন ও সরস্বতী সম্মান ২০২৬ প্রদান অনুষ্ঠান। গতবছর ২০২৫ সালে এই সম্মান প্রদান করা হয়েছিল ত্রিপুরার বিশিষ্ট কবি নকুল রায়কে।
এই বছর এই সম্মান প্রদান করা হল বিশিষ্ট কবি ও শিক্ষক অশোক দেব মহোদয়কে। এর পাশাপাশি মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ মাসিক লিটলম্যাগ প্রকাশিত হল। অনুষ্ঠানে ছিলেন সংস্থার সভাপতি মণীশ রুদ্র পাল,আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিকল এর ডিরেক্টর ড.নির্মল দাশ,বিশিষ্ট লেখক ড.রবীন্দ্র কুমার দত্ত এবং বিশিষ্ট সমাজ সেবক ও প্রকাশক তাপস রায় মহোদয়।
উপস্থিত ছিলেন রাজ্যের সাহিত্যিকগণ, সমাজ সেবক এবং তরুণ প্রজন্মের কবি ও লেখকগণ। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে সকলের মধ্যে।আগামীতে আরও ব্যাপক পরিসরে এই উৎসব অনুষ্ঠিত করবার উদ্যোগ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে ফেব্রুয়ারি ২০২৬











