শুক্রবার ৪৪ রাইমা ভ্যালির উল্টাছড়া ও কালাঝরির ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্র সহ আশপাশের কয়েকটি গ্রামের বঞ্চিত ও ক্ষুব্ধ বাসিন্দারা আগরতলায় এসে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে পানীয় জলের তীব্র সংকট ও ভগ্নপ্রায় রাস্তাঘাটের কারণে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে কাদা ও জলমগ্ন পথ পেরিয়ে স্কুল, বাজার কিংবা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পানীয় জলের একমাত্র ভরসা দূরবর্তী টিউবওয়েল বা ঝর্ণার জল, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনিক উদাসীনতার সুযোগে সমস্যা গুলিকে রাজনৈতিক ইস্যু করে তোলা হচ্ছে, কিন্তু বাস্তব সমাধান মিলছে না। তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতির ঝাঁপি খুললেও উন্নয়নের চাকা এগোয়নি।মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তিনি বলেন, “সাধারণ মানুষের বঞ্চনাকে পুঁজি করে রাজনীতি করা উচিত নয়। উন্নয়নের প্রশ্নে দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে যাঁরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করাই সরকারের লক্ষ্য বলে তিনি জানান।
akb tv news
20.02.2026

