মৈত্রী সংসদ, প্রকাশনা মঞ্চ এবং আজকের ভাষা -- এই তিনটি সৃজনশীল সংগঠনের যৌথ আয়োজনে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় অনুষ্ঠানটি হবে খোয়াই শহরে। 'আমার ভাইয়ের রক্তে রঙানো ২১শে ফেব্রুয়ারি', আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২২ শে ফেব্রুয়ারি, রবিবার সকাল দশটায় খোয়াই শহরের সুভাষ পার্কে স্বপনপুরী অডিটোরিয়ামে যৌথ আয়োজনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্ম্মা। প্রধান অতিথি বিনয় দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্য অনুরাগী। বিশেষ অতিথি অনুকূল দাস, সদস্য, খোয়াই জেলা পরিষদ। সভাপতিমণ্ডলীতে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. দেবব্রত দেবরায়, লেখিকা নিয়তি রায় বর্মণ এবং বিশিষ্ট সাহিত্যিক মন্টু দাস। অনুষ্ঠানের আহ্বায়ক কবি বিশ্বজিৎ রায় চৌধুরী, অভিজিত দত্ত ভৌমিক, দীপেন নাথ শর্ম্মা এবং ড.নির্মল দেবনাথ।
ভাষা দিবসকে কেন্দ্র করে একটি ফোল্ডার প্রকাশিত হবে এর সম্পাদক মধুমিতা দত্ত এবং অধ্যাপক ড. অরূপ পাটারী। অনুষ্ঠানে সারা রাজ্যের বিশিষ্ট শতাধিক কবি এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে কবিগণ মাতৃভাষা স্মরণে স্বনির্মিত কবিতা উচ্চারণ করবেন।এছাড়া ভাষা সম্মাননা জ্ঞাপন,ভাষা দিবসের সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং শ্রুতি নাটক পরিবেশিত হবে। এই মহতী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সুনাগরিকদের উজ্জ্বল উপস্থিতিতে সুন্দর, সার্থক ও নন্দিত হয়ে উঠুক- এই প্রত্যাশা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৫ই ফেব্রুয়ারি ২০২৬


