নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা
শহরের স্থায়ী দোকানগুলির সামনে যদি চৈত্র মেলা উপলক্ষে সরকারি জায়গা দখল করে কোন
দোকান খোলা হয়, তবে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং দোকান বন্ধ
করে দেওয়া হবে—শুক্রবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনই কড়া সতর্কবার্তা দিলেন
আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন শিশু উদ্যানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে
তিনি একথা জানান। এদিন তিনি চৈত্র মেলার জন্য নির্ধারিত শিশু উদ্যানে দোকান তৈরির কাজও
ঘুরে দেখেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না
দত্ত এবং পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। মেয়র জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের চৈত্র
মেলায় কিছু দিনের রোজগারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ২০২১ সালে বিজেপি পরিচালিত পুর
নিগম গঠনের পর থেকেই বিনামূল্যে তাদের দোকান বসানোর ব্যবস্থা করা হচ্ছে। আগে শকুন্তলা রোড এলাকায় এই ব্যবস্থা করা হলেও সেখানে
ছাউনি না থাকায় ব্যবসায়ীদের রোদ-বৃষ্টিতে ব্যবসা করতে সমস্যার সম্মুখীন হতে হত। পাশাপাশি
সৃষ্টি হত যানজট।এই বিষয়টি মাথায় রেখে এবছর শিশু উদ্যানে ছাউনি দিয়ে দোকানঘর তৈরি
করা হচ্ছে। সেখানে আলো, জল এবং অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির ব্যবস্থাও থাকবে বলে
জানান তিনি। তিনি বলেন, এবছর সুন্দরভাবে মেলা
আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং মেলা উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাকে আমন্ত্রণ
জানানো হয়েছে। প্রায় ৫০০-রও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীকে ইতিমধ্যেই এই মেলায় দোকান
দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে অনেকেই এই সুযোগ গ্রহণ করতে পারেনি। আরও কিছু
ব্যবসায়ীকে সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে বলে তিনি জানান।
akb tv news
27.03.2026

