খ্যাতনামা লেখক আলেকজান্দ্রা স্টডার্ড বলেছেন, "চিঠি একটি আশীর্বাদ, একটি বিরল সুযোগ যা একটি ব্যক্তিগত মুহূর্তকে মহিমান্বিত অভিজ্ঞতায় পরিণত করতে পারে।"
চিঠি—শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, এটি হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। একটা সময় ছিল, যখন ভালোবাসা প্রকাশের একমাত্র পথ ছিল চিঠি! প্রতিটি শব্দে থাকত হৃদয়ের গভীরতম ভালোবাসা আর চিরন্তন অনুভূতি। কিছু চিঠি শুধু চিঠি নয়, তা একেকটি গল্প, একেকটি স্বপ্ন, একেকটি অনুভূতির ধারক। কিছু লেখা কখনো পুরনো হয় না।হাতের লেখার সেই চিঠিগুলো আজও হৃদয়ে আগের মতোই সতেজ। ইমেইল বা মেসেজ থেকেও হাতে লেখা চিঠির উষ্ণতা আলাদা। চিঠি হলো সময়ের ক্যাপসুল, যা অতীতকে বর্তমানের কাছে নিয়ে আসে।
চিঠির যুগে শব্দেরা কখনোই সৌন্দর্য হারাতো না। আবেগও সহজলভ্য হয়ে পড়তো না। মানুষের প্রতি মানুষের কৌতূহল দ্রুত মিটে যেতো না। কথার গোপনীয়তা থাকতো। অনুভূতির স্বচ্ছতা থাকতো। কারোর দীর্ঘদিন ধরে জমে থাকা কথাগুলোকে খাম খুলে বারবার দেখার আকুতি থাকতো। তার উত্তর দেওয়ার ব্যস্ততা থাকতো। চিঠির উত্তর পাওয়ারও অস্থিরতা থাকতো। চিঠির যুগে সুন্দর এক অপেক্ষায় আমাদের দিন কাটতো।
চিঠি লেখা মানে কাউকে সময় দেওয়া, নিজের হৃদয়ের অংশ দেওয়া। চিঠি লেখার সংস্কৃতি প্রাচীনকাল থেকেই জনপ্রিয়। ইতিহাসে অনেক বিখ্যাত ব্যক্তির চিঠি সংরক্ষিত আছে, যা আজও মানুষের অনুপ্রেরণা যোগায়। চিঠি শুধু তথ্য আদান-প্রদান নয়, বরং এটি আবেগের এক অনন্য প্রকাশ।
এই "চিঠি"কে গুরুত্ব দিয়ে আরশিকথা'র আগামী পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরতে শুধুমাত্র সময়ের অপেক্ষা।
প্রধান সম্পাদকের গ্রন্থনায়
তথ্যঋণঃ সৌজন্যে ইন্টারনেট
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৩রা এপ্রিল ২০২৬

