ভবনস্ শিক্ষার্থীর পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক-মানসিকতার বিকাশেও বিশেষ ভূমিকা পালন করে। অন্যান্য বছরের মতো এই বছরেও নরসিংগড় স্থিত ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের মহারাজা বীরবীক্রম অডিটোরিয়ামে বিশেষ আড়ম্বরে পালিত হয় উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিনে বিশ্ব পুস্তক দিবস ও ইংরেজি ভাষা দিবস।
অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম বক্তব্য রাখেন। তার বক্তব্যে ইংরেজি ভাষার পৃথিবীব্যাপী গুরুত্বের কথা উঠে আসে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক দেবব্রত দেবরায়। তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শৃঙ্খলা, সার্বিক বিকাশ ও সাহিত্যে রাজ্যের বুকে এই বিদ্যালয় এক উজ্জ্বল স্বাক্ষর বলে অভিহিত করেন। এছাড়াও মৈত্রী সংসদ আগরতলার তরফে আরো অনেক গুণীজন এই আয়োজনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যুইজ, প্রোজেক্টারের মাধ্যমে উপস্থাপনা সহ সংগীত ও নাটক পরিবেশিত হয়। এছাড়াও ইংরেজী ও গণিত বিষয়ে উল্লেখযোগ্য ফলাফলের জন্য বিদ্যালয়ের পনেরোজন শিক্ষার্থীকে সম্মানিত করা হয় মৈত্রী সংসদের তরফে।
বিশেষ উল্লেখ্য এইদিন ভবনস্ এর অনুরাগ বর্দ্ধন, শ্রেয়াস দাস, রশ্মিতা দত্ত, রীতম সাহা, অভিনব রায়, আয়ূষ সাহা, দেবজিৎ শীল, মালিনী ভট্টাচার্য’র মতো আটজন প্রতিভাবান শিক্ষার্থী লেখকের আটটি নতুন বই প্রকাশিত হয়। এটা নিঃসন্দেহে ত্রিপুরায় বিদ্যালয়স্তরে একটি রেকর্ড। উপস্থিত অতিথিরা ভবনস্ এর শিক্ষার্থীদের লেখালেখি ও একসঙ্গে এতো বই প্রকাশের রেকর্ড নিয়ে উচ্চ প্রশংসা করেন।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী সংসদের তরফে বিশ্বজিৎ রায়চৌধুরী। এদিন ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪ এপ্রিল ২০২৬

.jpeg)



