আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াইয়ে সুকোমল ঋষিদাস স্মৃতি সম্মাননা ও কবি সম্মেলন: আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, খোয়াই, আরশিকথাঃ


    খোয়াইয়ের অফিস রোডস্থিত জি ডি ভবনে এক গম্ভীর অথচ সৃজনশীল পরিবেশে অনুষ্ঠিত হলো “সুকোমল ঋষিদাস স্মৃতি সম্মাননা-২০২৬” প্রদান ও কবিদের স্বরচিত কবিতা পাঠের এক বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিধারা সাহিত্যপত্র। স্বর্গীয় সুকোমল ঋষিদাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এদিন সাহিত্যিক ও সমাজের বিশিষ্ট ২৪ জন গুণী ব্যক্তিকে সুকোমল ঋষিদাস স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।






    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্গীয় সুকোমল ঋষিদাসের সহধর্মিনী অঞ্জনা ঋষিদাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের শ্রীভূমি থেকে আগত কবি পরিমল কর্মকার এবং বদরপুরের বিশিষ্ট বাচিক শিল্পী জয়ন্তী কর্মকার। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিশিষ্ট আইনজীবী গৌতম ঘোষ, রাজনীতিবিদ অভিজিৎ দত্তভৌমিক, ‘আজকের ভাষা’ সাহিত্যপত্রের সম্পাদক দীপেন নাথশর্ম্মা এবং খোয়াই বারবিল পঞ্চায়েত প্রধান প্রদীপ বিশ্বাস।




    এছাড়াও তেলিয়ামুড়া মহকুমা ও খোয়াইসহ বিভিন্ন স্থান থেকে আগত বহু কবি-সাহিত্যিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতিমা প্রিয়া দেববর্মা, জয়ন্ত ভট্টাচার্য, মনোজিৎ দত্ত, সুব্রত আচার্য, শান্তি দাস, শিখা রায়, সুমিতা রায়, করুণা দেবনাথ, সুব্রত দেব, রাজীব আচার্য, গৌতম অধিকারী, মিঠু দেবনাথ, রেখা দত্ত, যশপাল সিং, সুদীপ দেব, উৎপল দেবনাথ, সায়ন দেব দেবযানী ঋষিদাস সহ আরও অনেকে। 




    অনুষ্ঠানের সূচনা হয় চন্দনা দে ও সুমিতা রায়ের সুমধুর উদ্বোধনী সংগীতের মাধ্যমে। এরপর ত্রিধারা সাহিত্যপত্রের সম্পাদক কবি অনিমেষ ঋষিদাস স্বাগত ভাষণের মাধ্যমে সকলকে অভ্যর্থনা জানান।

    সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল কবিদের স্বরচিত কবিতা পাঠ, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। পাশাপাশি হাস্যরসাত্মক পরিবেশনা হিসেবে শিখা রায় দে ও সুমিতা রায় অভিনীত একটি সংক্ষিপ্ত নাটিকা সকলকে আনন্দ দেয়। অনুষ্ঠানে দুইজন খুদে নৃত্যশিল্পীর নৃত্য পরিবেশনও বিশেষভাবে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।





    সারা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন কবি গৌতম অধিকারী ও কবি সুব্রত আচার্য। অনুষ্ঠানের শেষ লগ্নে সংক্ষিপ্ত আলোচনা শেষে সভাপতি অঞ্জনা ঋষিদাস মহোদয়া সমাপ্তি ঘোষণা করেন।

    সাহিত্য, সংস্কৃতি ও স্মৃতিচারণার মেলবন্ধনে এই অনুষ্ঠানটি খোয়াইয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২০শে এপ্রিল ২০২৬



     

    3/related/default