নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিম বাংলার ফলতা বিধানসভা নিয়ে আরও কঠোর হল নির্বাচন কমিশন। গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে এই বিধানসভার গণনা আগামী ৪ঠা মে বন্ধ রাখা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও তার আগে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হতে পারে। এদিকে, ভোট মিটতেই শনিবার নতুন করে উত্তপ্ত হল ফলতার হাসিমনগর। সেখানকার বিজেপি সমর্থকদের হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এহেন অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা নিয়ে একাধিক অসঙ্গতি উঠে এসেছে কমিশনের স্ক্রুটিনিতে। ইভিএমে টেপ লাগানোর যেমন অভিযোগ সামনে এসেছে, তেমনই বেশ কিছু জায়গাতে ইভিএমে আতর লাগানো ছিল বলেও দাবি। ইতিমধ্যেই ফলতা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠিয়েছে সিইও দপ্তর।
akb tv news
02.05.2026

