নিজস্ব প্রতিনিধিঃ
গত শুক্রবারের পর আবার মঙ্গলবার l মাত্র পাঁচ দিনের ব্যবধান। তার মধ্যেই আবারও বেড়ে গেল পেট্রোল এবং ডিজেলের দাম। গত শুক্রবার দেশজুড়ে লিটার পিছু তিন টাকা করে জ্বালানির দাম বেড়েছিল। মঙ্গলবার সকালে ফের বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। তবে এবার প্রত্যেক শহরে বৃদ্ধির হার আলাদা রকমের। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কলকাতায়। চেন্নাই, দিল্লির থেকে অনেকটাই বেশি দাম বেড়েছে তিলোত্তমায়।মাত্র পাঁচদিন আগে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই মাথায় হাত আমজনতার। বাসের ভাড়া বাড়াতে চেয়ে সরকারকে চিঠি দিচ্ছে বাস চালকদের সংগঠন। এহেন পরিস্থিতিতে ফের মূল্যবৃদ্ধির বোঝা চাপল। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ৯৬ পয়সা। ডিজেলের লিটারপ্রতি দর বেড়েছে ৯৪ পয়সা। নতুন দর অনুযায়ী কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম ১০৯.৭০ টাকা এবং ডিজেলের লিটার পিছু দাম ৯৬.০৭ টাকা।দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৭ পয়সা এবং ৯১ পয়সা বেড়েছে। চেন্নাইয়ে এই বৃদ্ধির হার যথাক্রমে ৮২ পয়সা এবং ৮৬ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯১ পয়সা, ডিজেলের লিটার প্রতি দর ৯৪ পয়সা বেড়েছে। উল্লেখ্য, গত শুক্রবার পেট্রল এবং ডিজেলের দাম লিটার পিছু ৩ টাকা বাড়ানো হয়েছে। এইসঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে। কলকাতায় কেজি প্রতি সিএনজির দাম তিন টাকা বেড়েছে। সেই মূল্যবৃদ্ধি সামাল দেওয়ার আগেই ফের বাড়ল জ্বালানির দাম।
akb tv news
19.05.2026

