নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতিকালে সামাজিক মাধ্যমে সাড়া জাগানো ব্যঙ্গাত্মক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’-র কার্যকলাপে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের মন্তব্য নিয়ে ‘ব্যবসা’ করার গুরুতর অভিযোগ তুলে সোমবার একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। পাশাপাশি, দেশজুড়ে ভুয়ো ডিগ্রিধারী আইনজীবীদের দৌরাত্ম্য রুখতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী আইনজীবী। তিনি তাঁর আবেদনে কেন্দ্রীয় সরকার, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, বার কাউন্সিল এবং সিবিআই-কে পক্ষ করেছেন। গত শনিবার এক আইনজীবী এই ইস্যুটির সঙ্গে সম্পর্কিত একটি আবেদনের জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। সেদিন ‘ককরোচ জনতা পার্টি’-কে নিয়ে বিতর্কে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন “বিষয়টি এত আবেগ দিয়ে নেবেন না।” আর তার একদিনের মাথায় নেটপাড়ায় ঝড় তোলা ‘আরশোলা’ আন্দোলনে সিবিআই তদন্তের দাবিতে জল গড়াল সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজা চৌধুরি নামে এক আইনজীবী আবেদনটি করেছেন। তাঁর অভিযোগ, ভুয়ো আইনজীবী এবং জাল আইন ডিগ্রির রমরমা দেশের বিচার ব্যবস্থার মান নষ্ট করছে। তাই অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক।
akb tv news
26.05.2026

