নিজস্ব প্রতিনিধিঃ
ফের বাতিল NEET-UG। সোমবারই নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের খবর প্রকাশ্যে এসেছিল। প্রশ্নপত্র ছাপানোর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এবার পুরো পরীক্ষাই বাতিল করে দিল NTA। গত ৩ মে পরীক্ষা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষা এবার বাতিল করে দেওয়া হল। আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। জানিয়ে দিল নিয়ামক সংস্থা NTA। এনটিএ সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখার পর সিদ্ধান্তে পৌঁছানো হয় যে বর্তমান পরীক্ষার প্রক্রিয়াকে বহাল রাখা সম্ভব নয়। সংস্থার তরফে জানানো হয়েছে, নিট-ইউজি ২০২৬ পুনরায় নেওয়া হবে। নতুন পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। একইসঙ্গে নতুন অ্যাডমিট কার্ড প্রকাশের সূচিও সরকারি মাধ্যমে ঘোষণা করা হবে। এনটিএ আরও জানিয়েছে, নতুন করে কোনও রেজিস্ট্রেশন করতে হবে না। আগের পরীক্ষার জন্য যে আবেদন, পরীক্ষাকেন্দ্র নির্বাচন এবং তথ্য জমা দেওয়া হয়েছিল, সেগুলিই বহাল থাকবে। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনও ফিও নেওয়া হবে না। ইতিমধ্যে জমা দেওয়া পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা। বিবৃতিতে এনটিএ বলেছে, “এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের স্বার্থে এবং জাতীয় পরীক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। পুনরায় পরীক্ষা নেওয়ার ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অসুবিধা হবে, তা আমরা বুঝতে পারছি। কিন্তু পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট হলে তার প্রভাব আরও গভীর হত।” উল্লেখ্য, ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষার পর রাজস্থানে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। রাজস্থান বিশেষ অভিযান দল তদন্ত শুরু করে। তদন্তকারীরা একটি হাতে লেখা প্রশ্নপত্র উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে, যেখানে প্রায় ১২০টি প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় বলে অভিযোগ। এর মধ্যে প্রায় ৯০টি জীববিজ্ঞান এবং ৩০টি রসায়নের প্রশ্ন ছিল। এরপরই কেন্দ্র সরকার গোটা বিষয়টি সিবিআই তদন্তের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। এনটিএ জানিয়েছে, তদন্তে প্রয়োজনীয় সব নথি ও তথ্য তারা সিবিআইকে সরবরাহ করবে। এদিকে, নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুধুমাত্র রাজস্থানেই এখনও পর্যন্ত ৪৫ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মোদি সরকারকে তুলোধোনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর তোপ, ‘নিট এখন নিলামে উঠেছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’
akb tv news
12.05.2026

