নিজস্ব প্রতিনিধিঃ
মোবাইলে পিস্তলের ছবি পাঠিয়ে ১৬ বছরের এক নাবালিকাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়ার
অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম জয়দেব দেবনাথ, সে কমলাসাগর বিধানসভার
দীনদয়াল চৌমুহনী সংলগ্ন ফানু দেবনাথের ছেলে।বৃহস্পতিবার নাবালিকার বাবা আমতলী থানায়
অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, সেকেরকোট এলাকার এক ভাড়াটিয়া পরিবারের ১৬ বছরের
নাবালিকাকে টার্গেট করে অভিযুক্ত যুবক। গত সোমবার গভীর রাতে অভিযুক্ত জয়দেব দেবনাথ
ওই নাবালিকার মোবাইলে একটি অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠায়। ছবি পাঠানোর পাশাপাশি মেয়েটিকে
গুলি করে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরই আতঙ্কিত হয়ে নাবালিকার
পরিবার আমতলী থানায় বিষয়টি মৌখিকভাবে জানায়। কিন্তু পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানানোর
পরও অভিযুক্তের সাহস কমেনি। বৃহস্পতিবার সকালেও ঠিক একই কায়দায় মোবাইলের মাধ্যমে ওই
নাবালিকাকে পুনরায় গুলি করে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হতে থাকে। টানা হুমকির জেরে
নাবালিকাটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং গোটা পরিবার চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অবশেষে
এদিন দুপুরে বাধ্য হয়ে নাবালিকার বাবা আমতলী থানায় অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। লিখিত অভিযোগে
পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি এবং ধর্ষণের
চেষ্টার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পুলিশ নাবালিকার বাবাকে আশ্বস্ত করেছে
যে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে। আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের
করার পর নাবালিকার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি অত্যন্ত ক্ষোভ ও আতঙ্কের
সাথে গোটা ঘটনাটি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের কাছে জোরালো
দাবি জানান, যাতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত জয়দেব দেবনাথকে গ্রেপ্তার করে
এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।
akb tv news
28.05.2026

