নিজস্ব প্রতিনিধিঃ
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির নতুন পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের পর্বে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ধলাই জেলার ৩৫ জন এবং আগরতলার ২ জন নাগরিকের অভাব-অভিযোগ শোনেন। অভিযোগ গুলি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সরকারকে আরও সহজলভ্য করে তুলতেই এই জনসম্পর্ক কর্মসূচিতে ভার্চুয়াল অংশগ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে বিভিন্ন জেলার বাসিন্দারা আগরতলায় না এসেও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা, অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরতে পারবেন। তিনি আরও বলেন, এই উদ্যোগ রাজ্যে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। মানুষের সমস্যা দ্রুত সমাধানের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
akb tv news
20.05.2026

