ধর্মনগরে রাহুল কিশোর রায়ের
অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এবার নয়া মোড়। ধর্মনগরের পুর কাউন্সিলর রাহুল কিশোর
রায়ের অস্বাভাবিক মৃত্যুতে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ । মৃত রাহুল কিশোর রায়ের স্ত্রী কর্তৃক
দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্ত সাতজনের মধ্যে একজনকে গ্রেফতার
করল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, গত ৫ই
মে রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার
অভিযোগে ধর্মনগর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি DMN PS 27/26 নম্বরে নথিভুক্ত
করা হয়েছে। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) 329(4), 117(2), 351(3) এবং
108/3(5) ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ধর্মনগর থানার
পুলিশ। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে রবিবার, ২৪শে মে ধর্মনগরের ভৈরব সরণি এলাকার
নিজ বাড়ি থেকে কঙ্কন চৌধুরী নামে এক অভিযুক্তকে
গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য
অভিযুক্তদের ভূমিকা সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি
অব্যাহত রয়েছে। এদিকে, গত ১৩ই মে উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা আদালত এই মামলায় অভিযুক্ত তিন ব্যক্তির আগাম জামিনের
আবেদন খারিজ করে দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, মামলার অভিযোগ অত্যন্ত গুরুতর এবং বিষয়টি
গভীর তদন্ত সাপেক্ষ।
akb tv news
24.05.2026

