নিজস্ব প্রতিনিধিঃ
কৈলাশহরের
আকাশবাণী কেন্দ্রের বেহাল পরিকাঠামো ও পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠালেন কৈলাশহরের কংগ্রেস
বিধায়ক বীরজিৎ সিনহা। চিঠিতে তিনি অভিযোগ করেন, একসময় স্থানীয় ভাষায় সংবাদ পরিবেশন,
সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসচেতনতা মূলক প্রচার এবং সরকারি বিভিন্ন কর্মসূচির সম্প্রচার
নিয়মিত হলেও বর্তমানে সেই কার্যক্রম অনেকটাই কমে গিয়েছে। পাশাপাশি কেন্দ্রের বহু
যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকলেও সেগুলি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও তিনি
উল্লেখ করেন। এছাড়াও স্টেশন ইনচার্জের অনিয়মিত উপস্থিতির কারণে আকাশবাণী কেন্দ্রটির
পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন বিধায়ক। তাঁর অভিযোগ, এরফলে দিন দিন কৈলাশহর আকাশবাণী
কেন্দ্র তার ঐতিহ্য হারাচ্ছে। আকাশবাণী কেন্দ্রটিকে পুনরুজ্জীবিত ও আধুনিকীকরণের দাবিতেই
কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
akb tv news
27.05.2026

