লোকসভার আসন পুনর্বিন্যাসের সম্ভাবনা মাথায়
রেখে পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ সরকারি সূত্রের দাবি, কমিশনের
তরফে একটি খসড়া সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, ২০২৯ সালের সাধারণ
নির্বাচনের সময় থেকে সারা দেশে বর্ধিত লোকসভা আসনে ভোটগ্রহণ করতে হলে পোলিং বুথের সংখ্যা
বাড়বে ৪৬ শতাংশ৷ সেক্ষেত্রে প্রয়োজন হবে অতিরিক্ত বিপুল সংখ্যক ইভিএম-ও৷ বদল করতে হবে
পুরোনো অকেজো ইভিএমও৷ এই আবহে ২০২৭ সালের মার্চের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত
ইভিএম সংগ্রহ করতে আগ্রহী নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত
১,০০০ কোটি টাকার ‘প্রভিশনাল ফান্ড অ্যালটমেন্ট’-এর অনুরোধ জানাতে পারে বলেই সূত্রের
দাবি৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মোদী সরকার দ্রুত সংসদে ডিলিমিটেশন বিল পাশ
করিয়ে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের সময় থেকেই বর্ধিত লোকসভা আসনে যে ভোটগ্রহণ করতে
ইচ্ছুক, তার আভাস দিচ্ছে কমিশনের এই তত্পরতা৷ বিগত দু’সপ্তাহে দেশের বিভিন্ন
প্রান্তে যে ভাবে একের পর এক আঞ্চলিক দলে ভাঙন ধরছে এবং এনডিএ-এর সংসদীয় শক্তি বৃদ্ধি
হয়েছে, তা দেখার পর রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা বড় অংশের অনুমান মোদী সরকার আসন পুনর্বিন্যাস
সংক্রান্ত বিল দ্রুত সংসদে পাশ করাবে৷ এর ফলে লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ থেকে
বেড়ে হতে পারে ৮৫০৷ এই বিলের সঙ্গেই পাশ করানো হতে পারে মহিলা সংরক্ষণ বিলও, যেখানে
লোকসভার পাশাপাশি দেশের সব রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নীতি
চালু করা হবে৷
akb tv news
22.06.2026

