নিজস্ব প্রতিনিধিঃ
বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করা হয়। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেট নিয়ে বিরোধীরা সমালোচনার কোনও জায়গা পাবেন না। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কার্যত সেই সুরই শোনা গেল। এদিন বাজেট নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিরোধী দলে রয়েছি মানেই সবটা বিরোধিতা করতে হবে, তেমনটা নয়।” তবে বাজেট সংখ্যালঘু দফতরে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধানসভার চিফ হুইপ আখরুজ্জামান। বাজেটের কিছু ঘোষণার প্রশংসা করে ঋতব্রত বলেন, “নতুন সরকার বাজেটে প্রস্তাব আকারে অনেক কিছু রেখেছে। একটা জিনিসকে স্বাগত জানাই। মদের দোকানের ক্ষেত্রে আগেও ১ কিলোমিটার (স্কুল, কলেজ, মন্দির থেকে) ছিল। কিন্তু, কোন কারণে তা ৫০০ মিটার হয়েছিল, সেই কারণে যাব না। তবে আবার ১ কিমি করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।”তিনি আরও বলেন, “পরিকাঠামো নির্মাণে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বেশি না হলে ততদিন পর্যন্ত রাজ্যে অর্থনীতির হাল ফিরবে না। একটা বড় ঘাটতির কথা তো বাজেটের প্রথমেই বলা হয়েছে। আবার আমি বলছি, আমরা ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির বিরোধী নই। কিন্তু, সরকারি নিয়ন্ত্রণ থাকা জরুরি। ব্যবসার অনুকুল পরিবেশের নামে বেসরকারি সংস্থার মালিকরা যে লাভ সর্বোচ্চ করার চেষ্টা শুরু না করে। এটা দেখতে হবে সরকারকে। বাজেট নিয়ে আলোচনার সময় আমাদের বিধায়করা এই নিয়ে বলবেন। বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে। গতবার কী বরাদ্দ ছিল, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।” এরপরই বাজেটের বিরোধিতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিরোধী দলে রয়েছি মানেই সবটা বিরোধিতা করতে হবে, তেমনটা নয়। ডিএ বৃদ্ধিকে স্বাগত জানাতেই হবে। প্রশাসনিক বৈঠকে আমাদের বিধায়করা বেশ কিছু দাবি জানিয়েছিল। তার অনেকগুলি মানা হয়েছে।”
akb tv news
22.06.2026

