নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সমর্থ পোর্টালের মাধ্যমে গত ২৯ মে থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম মেধা তালিকা প্রকাশের পর সোমবার রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। আগরতলা শহরের ঐতিহ্যবাহী মহিলা মহাবিদ্যালয়েও এদিন বহু ছাত্রী তাদের নাম মেধা তালিকায় রয়েছে কিনা তা যাচাই করতে এবং ভর্তি সংক্রান্ত তথ্য জানতে কলেজে উপস্থিত হন। কলেজ চত্বরে নতুন শিক্ষাবর্ষকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। ভর্তি সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের ভর্তি ও নথি যাচাই কার্যক্রম ২২ ও ২৩ জুন অনুষ্ঠিত হবে। এরপর শূন্য আসনের সংখ্যা পর্যালোচনা করে ২৪ জুন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের ভর্তি চলবে ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত।পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে এবং প্রতিটি পর্যায়ে শূন্য পদের ভিত্তিতে যোগ্য ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানালেন মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপ্যাল ইন চার্জ সঞ্চিতা রিয়াং।
akb tv news
22.06.2026

