নিজস্ব প্রতিনিধিঃ
ডিম ও পচা টম্যাটো ছোড়া হল তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সব্যসাচী দত্ত অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরই সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দিয়ে সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিধাননগর উত্তর থানার বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। তাঁদের হাতে ছিল গোবর, পচা টমেটো এবং ডিম। সব্যসাচীকে আদালতে পেশের জন্য থানা থেকে বের করা হলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পচা টমেটো ও গোবর। কয়েক মুহূর্তের মধ্যে তাঁর জামাকাপড় অপরিষ্কার হয়ে যায়। ওঠে ‘চোর’, ‘তোলাবাজ’ স্লোগানও। সেই অবস্থায় তাঁকে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সব্যসাচীর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
akb tv news
09.06.2026

