নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা শহরকে যানজট ও জলযন্ত্রণামুক্ত রাখতে ফুটপাত দখলমুক্ত করণ এবং ড্রেন
উন্নয়নের কাজে আরও জোর দিচ্ছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার মন্ত্রিবাড়ি রোড-নেতাজি
চৌমুহনী এলাকায় এমএল প্লাজা সংলগ্ন ড্রেন ঢাকার কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।
তাঁর সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত এবং পুর নিগমের আধিকারিকরা।পরিদর্শন শেষে সাংবাদিকদের
মুখোমুখি হয়ে মেয়র বলেন, স্মার্ট সিটি প্রকল্প ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায়
শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে। এমএল প্লাজা সংলগ্ন এলাকায় ফুটপাত দখল
করে থাকা দোকানগুলির কারণে ড্রেন ঢাকার কাজে বাধা সৃষ্টি হচ্ছিল। সেই কারণে দোকানদারদের
আগেই সময় দিয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকেই স্বেচ্ছায় নিজেদের দোকান
সরিয়ে নিয়েছেন, আর বাকি দোকানগুলিও পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে।তিনি জানান, রাজ্য
সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বাসনের সম্ভাবনাও বিবেচনা
করছে।এনএসআরসিসি সংলগ্ন ফুটপাতে গড়ে ওঠা দোকানগুলির প্রসঙ্গে মেয়র বলেন, কীভাবে ওই
দোকানগুলি সেখানে বসেছে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা
হবে। প্রয়োজনে যানজট নিরসনের স্বার্থে সেখান থেকেও দোকান সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত
নেওয়া হবে।মেয়র আরও বলেন, শুধু এই এলাকাই নয়, আগরতলা শহরের সর্বত্র ফুটপাত দখলমুক্ত
করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পথচারীদের চলাচল সহজ হয় এবং শহরকে আরও সুন্দর ও সুশৃঙ্খল
করে গড়ে তোলা যায়। এরজন্য সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
akb tv news
30.06.2026

