নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা শান্তিনিকেতন
মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে এক হোস্টেল ওয়ার্ডেনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে হোস্টেলের তিন তলায় ওয়ার্ডেনকে মৃত অবস্থায়
উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে
জানা গেছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে
এবং সমস্ত সম্ভাবনাই তদন্তের আওতায় রাখা হয়েছে।প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজনকে আটক
করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার সঙ্গে তার
সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন
তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত
কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এব্যাপারে
মহিলা পুলিশ আধিকারিক জানান, যেই রুমে এই ঘটনাটি ঘটেছে, তা ভিতর দিক দিয়ে দরজা
লাগানো ছিল। হোস্টেলের সকলে মিলে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে। তাই প্রাথমিক
ভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। এখন গোটা ঘটনার তদন্ত চলছে বলে তিনি
জানান।
akb tv news
11.06.2026

