নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ঐতিহ্যবাহী ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর জগদীশ দাস, প্রাক্তন জনপ্রতিনিধি ডা. দিলীপ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে কর্মসূচি সম্পন্ন হয়। এর শুভ উদ্বোধন করে মেয়র জানান, বিমানবন্দরগামী সড়ক প্রশস্তকরণের কারণে শ্মশানটির স্থানান্তর এবং উন্নয়নের দাবি দীর্ঘদিনের ছিল। সেই দাবি পূরণে পুর নিগমের উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে শ্মশানটির সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় আলোকসজ্জা, বসার ব্যবস্থা, অভ্যন্তরীণ রাস্তা, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সুবিধা গড়ে তোলা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, মহাশ্মশান শুধুমাত্র শেষকৃত্যের স্থান নয়, এটি এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে ছিনাইহাণী মহাশ্মশানে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করা হবে। পাশাপাশি বটতলা মহাশ্মশানেও আরও দুটি নতুন বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা রয়েছে। মেয়র আরও জানান, মানবদেহের সৎকারের পাশাপাশি গৃহপালিত পশুদের মরদেহের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুর নিগম ইতিমধ্যেই হাঁপানিয়া এলাকায় একটি বিশেষ শ্মশানঘাট নির্মাণ করেছে। আগে মৃত পশুর দেহ যত্রতত্র, এমনকি নদী বা ড্রেনে ফেলে দেওয়ার প্রবণতা ছিল। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নাগরিক পরিষেবার উন্নয়নের পাশাপাশি শ্মশানঘাট, কবরস্থান এবং অন্যান্য সামাজিক পরিকাঠামোর উন্নয়নেও আগরতলা পুর নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। প্রসঙ্গত, এই শ্মশানটিকে সুন্দরভাবে তৈরি করার লক্ষ্যে সৌন্দর্যায়ন প্রকল্পের আওতায় চত্বরের পরিবেশ উন্নয়ন, আলোকসজ্জা, বসার ব্যবস্থা, অভ্যন্তরীণ রাস্তা এবং অন্যান্য নাগরিক সুবিধা গড়ে তোলা হয়েছে ।
akb tv news
09.06.2026

