নিজস্ব প্রতিনিধিঃ
ধর্মনগরের বিজেপি যুব মোর্চার সভাপতি তথা পৌর কাউন্সিলর রাহুল কিশোর রায়
মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পাঁচজনের জামিন মঞ্জুর করল ত্রিপুরা হাই কোর্ট। গত ১১ই জুন
বিচারপতি বিশ্বজিৎ পালিত এর বেঞ্চে মামলাটির শুনানি হয়। সোমবার আদালত পাঁচ অভিযুক্তের
জামিনের আবেদন মঞ্জুর করে রায় প্রদান করেন।উল্লেখ্য,
রাহুল কিশোর রায়ের স্ত্রী অভিযোগ করেন যে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনার দিন, অর্থাৎ
৪ঠা মে, তাঁদের বাড়িতে দু’দফা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার মানসিক আঘাত সহ্য করতে না
পেরে তাঁর স্বামী নিজের জীবন দেন।এই ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্তের অঙ্গ হিসেবে পুলিশ কঙ্কন চৌধুরী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে, যিনি বর্তমানে বিচারাধীন
অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। অপর ছয় অভিযুক্ত জামিনের আবেদন করলে ধর্মনগর জেলা আদালত
তাদের আবেদন খারিজ করে দেয়।এরপর অভিযুক্তদের পক্ষ থেকে ৫ জন হাইকোর্টে জামিনের আবেদন
জানান। হাইকোর্ট পাঁচজন অভিযুক্ত—মনোজ পুরকায়স্থ, প্রবাল কান্তি দেব, হীরক জ্যোতি
নাথ, সরোজ দেব এবং অভিজিৎ দাসের জামিন মঞ্জুর করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল কিশোর
রায়ের মৃত্যু গত মে মাসে ত্রিপুরার অন্যতম একটি আলোচিত রাজনৈতিক ঘটনায় পরিণত হয়।গত
৫ই মে সকালে ধর্মনগরে তাঁর বাড়ির বাথরুম
থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ধর্মনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং
বিজেপি যুব মোর্চার ধর্মনগর মণ্ডল সভাপতি ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময়
তাঁর গলায় একটি গেরুয়া দলীয় স্কার্ফ বাঁধা ছিল, যা ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্নের
জন্ম দেয়। রাহুলের পরিবারের অভিযোগ, উপনির্বাচনের ফল ঘোষণার আগের রাতে কিছু ব্যক্তি
তাঁকে হুমকি ও আক্রমণের চেষ্টা করেছিলেন। পরিবারের দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত চাপের
কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।ঘটনার পর মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা শোক প্রকাশ
করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন।
akb tv news
15.06.2026

.jpg)