( ডাকি তব নাম শুষ্ক কন্ঠে,আশা করি প্রাণপণে--
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।--
গীতবিতান,পূজা,৪৭৯ )
আজও নাড়ি টিপে মূর্খ আমি বুঝতে পারিনা,
জীবনের গতি মিনিটে বাহাত্তর না বিরানব্বই ?
আমি তো বাহাত্তর বলতে বুঝি ,
নৈবেদ্য'র বাহাত্তর সংখ্যক খাপখোলা তলোয়ারের মতো ঝলসে ওঠা কবিতাশপথ -- চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...
যা আমার পাগল হৃৎস্পন্দনকে মুহূর্তে উড়িয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়, প্রতারণাহীন এক মহাভারতীয় অনন্য সূর্যোদয়ের দিগন্তে দিগন্তে !
ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই অলীক ভগবান নন ; কিন্তু , এমন মানুষ, যাঁকে পরমাত্মীয় বলতে ইচ্ছে করে। টেনে টেনে শেষনিঃশ্বাসের দিকে অনিবার্য মহাযাত্রার সময়ও মনে মনে বলবো --
আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা,আমি যে পথ চিনি না..
একদিন আপনার বাড়ির দরজায় যত্নে লিখে আসবো--
আমি ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছি।
ক্রমশ নিজস্ব ঠিকানাহীন হয়ে যাচ্ছি।
ভুলভাল প্রতিশ্রুতি আর অকারণ আত্মরতির বেপরোয়া উল্লাস থেকে বহুদূরে , একটা নিটোল ও সংশয়াতীত জীবন চাই যে ডাক্তারবাবু !
আমি তো তিন পয়সার পালার সবটুকুই জীবনকে ফিরিয়ে দিতে চাই।
ডাক্তারবাবু,আমি শেষবার একটা ছায়াঘেরা পাঠশালার নিজস্ব ঠিকানায় পৌছে যেতে চাই ; যেখানে, কথায় কথায় পয়েন্টব্ল্যাঙ্ক অপমানের ইঁট পাটকেল থেকে হৃদয়কে বাঁচাবার যুদ্ধ করতে করতে...
জীবন তো জীবনে একবারই আসে, তাই না ?
তাহলে,দশকের পর দশক ধরে রাত জেগে পাকানো সলতেগুলো প্রাণময় প্রদীপ হয়ে জ্বলছে না কেন ?
কোথাও কী ভুল থেকে যাচ্ছে ?
একটু সময় দেবেন ডাক্তারবাবু ?
সময় হবে ?
বিনীত
আরণ্যক বসু
১ লা জুলাই ২০২৬
🙏আজ মৃত্যুহীন ডক্টর বিধানচন্দ্র রায়ের শুভ জন্মদিন...প্রণাম 🙏
🌷প্রিয় ডাক্তারবাবু , সিস্টার, ব্রাদার,স্বাস্থ্যকর্মী , সাফাইবন্ধু , হাসপাতাল কর্তৃপক্ষ-- আপনারা যেমন আমাদের সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন, আমরাও সবসময় আপনাদের ঘিরে আছি । থাকবো । সারা আকাশের মেঘ-বৃষ্টির ভালোবাসা আপনাদের জন্য পাঠিয়ে দিলাম।♥️
বিনীত
আরণ্যক বসু
১ লা জুলাই ২০২৬
জন্মদিনের আষাঢ় ১৪৩৩
আরশিকথা সাহিত্য
১লা জুলাই ২০২৬

.jpg)