নিজস্ব প্রতিনিধিঃ
হোয়াটস অ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার মোটাকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রকে তার জবাব দিল মার্ক জুকারবার্গের সংস্থা। মেটা জানিয়ে দিয়েছে, ‘ইউজারনেম’ ফিচারটি এখনও চালু হয়নি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ফিচারটির জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, সংস্থাটি স্পষ্ট করেছে, নয়া এই ফিচারটি আসার পরও হোয়াটসঅ্যাপ ব্যবহারে ফোন নম্বর আবশ্যিক। সম্প্রতি হোয়াটস অ্যাপে ‘ইউজারনেম’ ফিচারটির চালুর কথা ঘোষণা করে মেটা। এই ব্যবস্থা অনুযায়ী, ফোন নম্বর ছাড়াই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। সূত্রের খবর, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বৈধ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির নামের মত দেখতে ‘ইউজারনেম’ গ্রহণ করতে পারে। বর্তমানে আট থেকে আশি সকলেই দিনভর ডুবে থাকে হোয়াটসঅ্যাপে। তবে তা শুধু আড্ডা দেওয়ার জন্য নয়, এখন অধিকাংশ অফিশিয়াল কাজও হয় এই অ্যাপেই। তবে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু করার জন্য প্রয়োজন হত ফোন নম্বর। অনেকক্ষেত্রেই দেখা যায়, বিশেষ কোনও কারণে চ্যাট করার প্রয়োজন হলেও তাঁদের ফোন নম্বর দিতে চান না অনেক ব্যবহারকারী। এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখেই নয়া ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। কিন্তু কেন্দ্রের আশঙ্কা, নতুন এই ব্যবস্থাকে হাতিয়ার করে অনলাইনে জালিয়াতি বাড়তে পারে। গ্রাহকদের চ্যাটের গোপনীয়তাও ক্ষুণ্ণ হতে পারে। বাড়তে পারে অপরাধের সংখ্যা। এরপরই মেটাকে নোটিস পাঠায় মোদি সরকার।
akb tv news
02.07.2026

.jpg)