নাবালক, নাবালকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যে ক্রমশ বাড়ছে তা আবারো প্রমাণিত। যা খুবই উৎকন্ঠার হয়ে দাঁড়িয়েছে। সাব্রুমে এক নাবালিকার রহস্যজনক মৃত্যু ঘটে। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানাধীন ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত নাবালিকার বয়স মাত্র ১৫। সে বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।
পুলিশ জানায় সোমবার রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে সাব্রুম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় । ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিলোনিয়া জেলা সদর থেকে একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য প্রমান সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন। এ বিষয়ে সাব্রুম থানার এসআই কানু রঞ্জন দেব জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মেয়ের এই পরিণতিতে বাবা সুকান্ত গড় সহ পরিবারের অন্যান্যরা একেবারে ভেঙে পড়েছেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে সচেতন নাগরিকরা চাইছেন টিন এজার সহ যুবক যুবতীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রোধে সরকার যেন কাউন্সিলিং সহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নেয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৪ই জুলাই, ২০২৬


