নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি রাজ্য সরকার জেলা ভিত্তিক "গার্ডিয়ান মিনিস্টার"
নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রদেশ কংগ্রেস। শনিবার
আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী
এই সিদ্ধান্তের সমালোচনা করেন।তিনি জানান, আগামীকাল (রবিবার) প্রদেশ কংগ্রেসের বর্ধিত
সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার কৌশল, বিভিন্ন
জনস্বার্থমূলক ইস্যু এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ওবিসি
বিভাগের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ এবং এসসি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাস।এদিন
অনশনরত ওয়াংচুকে পুলিশ যেভাবে অনশনস্থল থেকে সরিয়ে নিয়ে যায়, তার তীব্র নিন্দা
জানান প্রবীর চক্রবর্তী। তিনি দাবি করেন, অতীতে কংগ্রেস শাসনকালেও অনশন হয়েছে কিন্তু
সেই সময়ে অনশনকারীদের প্রতি ভিন্ন ধরনের আচরণ করা হত। বর্তমান বিজেপি সরকার বলপ্রয়োগের
মাধ্যমে অনশন ভাঙিয়েছে বলে অভিযোগ করেন তিনি।দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়েও কেন্দ্র
ও রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে মূল্যবৃদ্ধির হার গত বছরের ৪.৮ শতাংশ
থেকে বেড়ে এ বছর ৫.১ শতাংশে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে পোলট্রির ডিমসহ
বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম লাগামছাড়া বেড়ে চলেছে। তাঁর দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে
বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ।
akb tv news
18.07.2026

