আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করলেন মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অভয়নগরের ১১ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ এখন শেষ পর্যায়ে। রবিবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, চলতি মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে এই সৌন্দর্যায়িত পুকুরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র-ইন-কাউন্সিল হীরালাল দেবনাথ। তারা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু একটি পুকুরের সংস্কার নয়, বরং জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জন্য একটি আধুনিক ও স্বাস্থ্যকর বিনোদনমূলক পরিবেশ গড়ে তোলা। তিনি জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে অত্যাধুনিক বিভিন্ন নাগরিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। পুকুর চত্বরে থাকবে উন্মুক্ত জিম, পথচারীদের জন্য আধুনিক শৌচাগার, বসার ব্যবস্থা, হাঁটার পথসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো। ফলে এটি শুধু একটি জলাধার হিসেবেই নয়, বরং এলাকার মানুষের অবসর যাপন ও শরীরচর্চার অন্যতম কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। মেয়র বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই পুকুরটি অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় ছিল। সংস্কার সম্পন্ন হলে অভয়নগর এলাকার মানুষের বহু বছরের দাবি পূরণ হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আগরতলা পুর নিগমে বিজেপি বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই শহরের রাস্তাঘাট, পার্ক, ড্রেনেজ ব্যবস্থা এবং জলাশয়গুলির উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলছে। তাঁর অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলে শহরের অধিকাংশ পুকুর দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। বর্তমান পুর বোর্ড দায়িত্ব নেওয়ার পর একে একে সেই পুকুরগুলির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পুকুরের সংস্কার সম্পন্ন হয়েছে এবং বাকি জলাশয়গুলির কাজও দ্রুত এগিয়ে চলছে। অভয়নগর পশু হাসপাতাল সংলগ্ন আরেকটি পুকুরের সংস্কার প্রসঙ্গে মেয়র জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্ব বাতিল করে নতুন সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে কাজ শেষ করা বাধ্যতামূলক। কোনও ঠিকাদার সময়মতো কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রয়োজন হলে তার টেন্ডার বাতিল করতেও পুর নিগম পিছপা হবে না। মেয়র আশা প্রকাশ করে বলেন, ১১ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন এই সৌন্দর্যায়িত পুকুরটি চালু হলে অভয়নগর এলাকার বাসিন্দারা একটি আধুনিক ও পরিচ্ছন্ন জনপরিসর উপহার পাবেন। পাশাপাশি শহরের পরিবেশ রক্ষা, জলাধার সংরক্ষণ এবং নাগরিক জীবনযাত্রার মানোন্নয়নেও এই প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।





    akb tv news 

    12.07.2026

    3/related/default