আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বটতলা বাজারে আসছে আধুনিক রূপ।। যানজট নিরসনেও বড় উদ্যোগ।। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বটতলা বাজারকে আধুনিক রূপ দেওয়া এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বাজার ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহেদ, কর্পোরেটর নীতু গুহ দে, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, মনোনীত কর্পোরেটর মনোজ কান্তি দেবরায়সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক এবং বটতলা বাজারের ব্যবসায়ীরা।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের প্রধান প্রধান বাজারগুলিকে ধাপে ধাপে আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে পুর নিগম। সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বটতলা বাজারের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে প্রযুক্তিগত পরিদর্শন শেষ করে আধুনিক বাজার নির্মাণের কাজ শুরু করা হবে।তিনি জানান, শুধু বটতলা নয়, পর্যায়ক্রমে দুর্গা চৌমুহনী বাজার, লেক চৌমুহনী বাজার এবং বর্ডার গোলচক্কর বাজারেরও সংস্কার করা হবে। ইতিমধ্যেই মহারাজগঞ্জ বাজারে মাছ বাজারের উন্নয়ন কাজ শুরু হয়েছে। পরবর্তীতে পুরো মহারাজগঞ্জ বাজারকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।মেয়র বলেন, প্রায় এক বছর আগে বটতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা বাজারটি আধুনিকভাবে পুনর্গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এখন পুর নিগম উদ্যোগী হয়েছে। আধুনিক অবকাঠামো, উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুষ্ঠু ড্রেনেজ, পর্যাপ্ত আলো, পরিচ্ছন্ন পরিবেশ এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই নতুন বাজার নির্মাণ করা হবে। এই প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে থাকবে টোডা।যানজট নিরসনের বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মেয়র। তিনি বলেন, বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে পার্কিং ও ভ্যান-স্ট্যান্ড পরিচালনা করে অর্থ আদায় করছে। এই ধরনের অবৈধ কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করা হবে। ভবিষ্যতে শুধুমাত্র বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা ক্রেতাদের জন্য নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত পার্কিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে রাস্তা দখল করে যানবাহন দাঁড় করানোর প্রবণতা বন্ধ হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে।এছাড়াও ওভারব্রিজের নিচে বর্তমানে যে বর্জ্য ফেলার (ডাম্পিং) ব্যবস্থা রয়েছে, সেটি অন্যত্র স্থানান্তর করা হবে। মেয়রের মতে, এই ডাম্পিং পয়েন্টের কারণে এলাকায় দৃশ্য দূষণের পাশাপাশি পরিবেশগত সমস্যাও তৈরি হচ্ছে। তাই বাজারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন করে তুলতে ডাম্পিংয়ের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যে বর্জ্য তৈরি হবে তা দোকানগুলি থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।ব্যবসায়ীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই পুরো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন মেয়র। তিনি বলেন, বটতলা বাজারকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে ব্যবসায়ীরা আধুনিক সুযোগ-সুবিধা পান, ক্রেতাদের কেনাকাটা আরও স্বাচ্ছন্দ্যময় হয় এবং রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে পারে। একই সঙ্গে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে এনে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই পুর নিগমের মূল লক্ষ্য।








    akb tv news 

    17.07.2026

    3/related/default